করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৫৪৭ জন। এ সময় সাত হাজার ৫৩৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৯১৬ জন।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৯৮ জনের মধ্যে পুরুষ ১১৬ জন এবং নারী ৮২ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন, হাসপাতালে মৃতাবস্থায় আনয়ন তিনজন এবং বাসায় তিনজনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭১৯টি পরীক্ষাগারে ৩৮ হাজার ৮৮১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৯ হাজার ২৭৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭১ ভাগ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৪ হাজার ৫৪৭ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ১৪৯ জন (৬৫ দশমিক ৭৯ ভাগ) ও নারী আট হাজার ৩৯৮ জন (৩৪ দশমিক ২১ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪